জ্বালানি তেলের দাম আর বাড়বে না, বরং সুযোগ পেলে কমবে: প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জ্বালানি তেলের দাম বাড়ানোর আর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, সুযোগ তৈরি হলে ভবিষ্যতে জ্বালানি তেলের দাম আরও কমানো হবে। তেল পাচার রোধ এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্প্রতি দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরে তিনি জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন।
জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পাশাপাশি দুটি দেশে জ্বালানি তেলের চাহিদা বেশি থাকলে এবং দুই দেশের দামের মধ্যে বড় ধরনের পার্থক্য থাকলে তেল পাচারের আশঙ্কা তৈরি হয়। এ ধরনের পাচার ঠেকানো কঠিন। এ কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।
পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়টি যোগাযোগ ও নৌপরিবহন মন্ত্রণালয় নির্ধারণ করে। অতিরিক্ত ভাড়া যাতে কেউ আদায় করতে না পারে, তা ওই মন্ত্রণালয় নিশ্চিত করবে।
কৃষিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কৃষকের জমিতে সেচের জন্য আগামী দিনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা হবে। এর বিকল্প উদ্যোগ হিসেবে পর্যায়ক্রমে সেচপাম্পগুলোকে সৌরবিদ্যুৎচালিত পাম্পে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, জ্বালানি বা বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রাকৃতিক সৌরশক্তি ব্যবহার করে কৃষকের সেচপাম্প পরিচালনার ব্যবস্থা করা হবে। এতে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে আসবে।
ঝিনাইদহের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আইনমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সঙ্গে পর্যাপ্ত সমন্বয়ের মাধ্যমে জেলার উন্নয়নের গতি কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত বিরোধী দল থেকে জালিমে পরিণত হয়েছে। তারা আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ করছে। এর জবাব জনগণই দেবে।’ তিনি আরও বলেন, বর্তমান সময়ে জামায়াত ও শিবির আওয়ামী লীগ ও ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করছে।
মতবিনিময় সভায় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
১৩৪ বার পড়া হয়েছে