মুন্সীগঞ্জে ১৫ মামলার আসামি ‘ভেল্কা শাহিন’সহ গ্রেপ্তার ৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি শাহিন শেখ ওরফে ভেল্কা শাহিন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ভেল্কা শাহিনের বিরুদ্ধে আগে থেকেই ১৫টি মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলা শহরের নতুনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলমের কঠোর নির্দেশনায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের নতুনগাঁও এলাকার একটি গলিতে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নতুনগাঁও এলাকার আলাউদ্দিন শেখের ছেলে মোঃ শাহিন শেখ ওরফে ভেল্কা শাহিন (৪১), নয়াগাঁও পূর্বপাড়ার আনোয়ার হোসেনের ছেলে মোঃ আসিফ রানা (৪০) এবং নতুনগাঁও এলাকার ইউনুস মোল্লার ছেলে সেন্টু মোল্লা (৩০)।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইয়াকুব হোসেনের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত প্রধান আসামি ভেল্কা শাহিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
১৩৫ বার পড়া হয়েছে