আসিয়ানে রাজনৈতিক প্রতিনিধিত্ব না পেয়ে ক্ষুব্ধ মিয়ানমার
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৪:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানে পাঁচ বছর ধরে রাজনৈতিক প্রতিনিধিত্বের সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মিয়ানমার। দেশটির সেনাসমর্থিত সরকার আসিয়ানের সাম্প্রতিক সিদ্ধান্তকে ‘অন্যায্য ও ভারসাম্যহীন’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে জোটের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলনে মিয়ানমারের রাজনৈতিক প্রতিনিধিত্ব পুনর্বহাল নিয়ে আলোচনা হয়। সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়, পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে মিয়ানমার অগ্রগতি দেখাতে পারলে ধাপে ধাপে দেশটির রাজনৈতিক প্রতিনিধিত্ব ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় শনিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ানের শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তে মিয়ানমার সরকারের নেওয়া ইতিবাচক পদক্ষেপগুলোর যথাযথ প্রতিফলন ঘটেনি।
বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন সময়ে মিয়ানমারের মতামত উপেক্ষা করা হয়েছে। দেশটির সমান অধিকার ও পূর্ণ প্রতিনিধিত্বের সুযোগও অস্বীকার করা হয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই আসিয়ানের শীর্ষ সম্মেলন ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মিয়ানমারের পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব স্থগিত রয়েছে। এসব বৈঠকে দেশটির রাজনৈতিক প্রতিনিধির পরিবর্তে অরাজনৈতিক প্রতিনিধি পাঠানোর সুযোগ রাখা হয়েছে।
অভ্যুত্থান-পরবর্তী সংকট নিরসনে ২০২১ সালের ২৪ এপ্রিল আসিয়ানের নেতারা পাঁচ দফা ঐকমত্য গ্রহণ করেন। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে গঠনমূলক সংলাপ, সংলাপে মধ্যস্থতার জন্য আসিয়ানের বিশেষ দূত নিয়োগ, জোটের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান এবং বিশেষ দূত ও প্রতিনিধিদলের মিয়ানমার সফরের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
আসিয়ানের অবস্থান হচ্ছে, মিয়ানমারকে পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ফিরিয়ে দিতে হলে এসব বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে।
অন্যদিকে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, দেশটিতে বর্তমানে কোনো রাজনৈতিক বন্দি নেই। সামরিক অভ্যুত্থানের পর থেকে এক লাখ ২৬ হাজারের বেশি বন্দিকে ক্ষমা বা সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা।
তবে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের হিসাব অনুযায়ী, সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে হাজার হাজার মানুষ রাজনৈতিক কারণে কারাবন্দি রয়েছেন।
এর আগে গত বুধবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে জান্তা সরকারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং বলেন, আসিয়ানের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক পুনর্বিবেচনা করছে তাঁর প্রশাসন। তবে জোটের সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত চলছে। অভ্যুত্থানকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত একপর্যায়ে গৃহযুদ্ধে রূপ নেয়।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, মিয়ানমারের এই সংঘাতে এক লাখ মানুষ নিহত হয়েছেন এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
১১ সদস্যের আসিয়ান জোটের অন্য দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও পূর্ব তিমুর।
১০৫ বার পড়া হয়েছে