২০২৭ সালের হজে কমল বিমানভাড়া
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
২০২৭ সালের হজযাত্রীদের জন্য বিমানভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা ২০২৬ সালের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কম। সরকারের পক্ষ থেকে হজের সামগ্রিক ব্যয় আরও সহনীয় করতে বিমানভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২০২৭ সালের হজের বিমানভাড়া কমানোর তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে জাহেদ উর রহমান বলেন, ‘২০২৭ সালের হজের জন্য বিমানভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালের তুলনায় তা ২৪ হাজার ৮৩০ টাকা কম।’
তিনি জানান, কয়েক বছর ধরে ধাপে ধাপে হজযাত্রীদের বিমানভাড়া কমানো হচ্ছে। এর ধারাবাহিকতায় ২০২৭ সালের হজেও বিমানভাড়া কমানো হয়েছে।
জাহেদ উর রহমান বলেন, ‘কয়েক বছর ধরে ধাপে ধাপে হজের বিমানভাড়া কমানো হয়েছে। সরকার হজের সামগ্রিক ব্যয় আরও সহনীয় করতে কাজ করছে।’
সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি সরকারের বিভিন্ন কার্যক্রমের তথ্য তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
নতুন নির্ধারিত বিমানভাড়া কার্যকর হলে ২০২৭ সালের হজযাত্রীদের মোট হজ ব্যয়ের একটি অংশ কমবে। সরকারের পক্ষ থেকে হজের অন্যান্য ব্যয়ও সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।
১২৫ বার পড়া হয়েছে