হাম ও ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮২৯
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ছয়জন। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জন। আর ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছেন ১৮৪ জন। দুই রোগে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮২৯ জন।
রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিন ও প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি দুজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৬ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫১৩ জন, রাজশাহীতে ৩০ জন, সিলেটে ১৪৫ জন, চট্টগ্রামে ২৮৪ জন, বরিশালে ১১৪ জন, ময়মনসিংহে ৫৪ জন, খুলনায় ৭০ জন এবং রংপুরে ২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।
এদিকে গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৬২ জন। চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৫৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৪ জনে।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬১ হাজার ৯৭২ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং বরিশাল ও ঢাকা বিভাগে একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৫৭ হাজার ৬১০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৮৭ জন।
চলতি সেপ্টেম্বর মাসেই এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে ডেঙ্গুতে ৮৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন মারা যান।
এ ছাড়া মে মাসে একজন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গুতে মারা যাওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১১৮ বার পড়া হয়েছে