সর্বশেষ

জাতীয়

বৃষ্টি হলেই ডুবে যায় ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আজ ভোরের আগে শুরু হওয়া টানা বৃষ্টি ও বজ্রপাতে ঢাকার বিভিন্ন প্রধান সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে বেলা ১১টা পর্যন্ত পুরানা পল্টন, গুলিস্তান ও মতিঝিলের বিভিন্ন সড়কে প্রায় হাঁটুসমান পানি জমে থাকায় দুর্ভোগে পড়েন পথচারী ও অফিসগামীরা। জলাবদ্ধতার সঙ্গে বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজটও।

রাত পোহানোর আগেই তুমুল বজ্রপাত ও বৃষ্টির শব্দে ঘুম ভাঙে রাজধানীবাসীর। সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বের হওয়ার পর নগরবাসীকে বিভিন্ন সড়কে জমে থাকা পানির কারণে ভোগান্তিতে পড়তে হয়। অনেক এলাকায় সড়ক পার হতে হয়েছে হাঁটুসমান পানি পেরিয়ে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে বেলা ১১টার সময়ও পুরানা পল্টন, গুলিস্তান ও মতিঝিলের পানি পুরোপুরি নামেনি। জলাবদ্ধতার কারণে সড়কে যান চলাচলও ব্যাহত হয়। বিভিন্ন মোড়ে যানবাহনের অপেক্ষায় মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঢাকার পাশের শহর নারায়ণগঞ্জে, ৮২ মিলিমিটার। এ ছাড়া মাদারীপুরে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টিকে মাঝারি এবং ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিকে ভারী বৃষ্টি বলা হয়।

দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের মতো দিনের বেলাতেও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

পুরানা পল্টনের একজন চাকুরিজীবী বলেন, সড়কে হাঁটার মতো পরিস্থিতি নেই। ফুটপাত দিয়েও চলাচলের সুযোগ কম। অফিসে সময়মতো পৌঁছাতে গিয়ে জলাবদ্ধতার মধ্যে পড়তে হয়েছে। তাঁর ভাষ্য, ফুটপাতের দোকানিরা মালামাল রেখে এবং কাঠের চৌকি দিয়ে ফুটপাতের বড় অংশ দখল করে রেখেছেন। এতে সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় ঢাকা। আর আজকে তো রাত থেকেই অনেক বৃষ্টি হয়েছে। 

মতিঝিলের সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের কর্মকর্তা রেজাউল করিম বলেন, ভোররাতে ঠান্ডা বাতাসে ঘুম ভেঙে দেখেন বৃষ্টি হচ্ছে। সকাল ১০টার সময়ও মতিঝিলের পানি পুরোপুরি নামেনি। রিকশায় করে এসে ব্যাংকের গেটে তাঁর জুতা ভিজে যায়।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভোর ৪টা থেকে মুষলধারে বজ্রসহ বৃষ্টির কারণে ডিএসসিসির আওতাধীন কিছু নিম্নাঞ্চল ও ঢালু সড়কে সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, নগরবাসীর সাময়িক ভোগান্তি দ্রুত নিরসনে ভোর থেকেই বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম মাঠপর্যায়ে কাজ করছে।

জলাবদ্ধতার মধ্যে ঝিগাতলার সড়কে থাকা একটি ম্যানহোলের ঢাকনা খুলে আবর্জনা পরিষ্কারের তথ্যও জানিয়েছে ডিএসসিসি।

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে।

এর প্রভাবে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। দেশের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০