সর্বশেষ

সারাদেশ

শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া মামাবাড়ির আবদার: প্রিন্স

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেখ হাসিনাকে দণ্ডপ্রাপ্ত অপরাধী উল্লেখ করে তাঁকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে দেশে ফেরানোর দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ক্ষমতাচ্যুত কোনো চিহ্নিত অপরাধীকে পাসপোর্ট দেওয়ার দাবি সম্পূর্ণ অসংগত ও অন্যায্য। একই সঙ্গে তিনি দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা কঠোর হাতে প্রতিহত করতে জনগণের প্রতি আহ্বান জানান।

ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন। ধোবাউড়া উপজেলা চত্বরের মুক্তমঞ্চে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ এই কর্মসূচির আয়োজন করে।

এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ভিনদেশি আধিপত্যবাদী শক্তির ওপর ভর করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। পটকা ফুটিয়ে বা নাশকতা চালিয়ে বাংলাদেশে আর কোনো দেশবিরোধী এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

শেখ হাসিনার সমালোচনা করে তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের আগে পালিয়ে না যাওয়ার ঘোষণা দিলেও তিনি শেষ পর্যন্ত দেশ ছেড়েছেন। এখন দেশে ফিরে আসার কথা বলে তিনি কার্যত তাঁর দলীয় পলাতক কর্মীদের উসকানি দিয়ে দেশে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত করছেন।

ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নতুন অধ্যায় রচিত হয়েছিল। এই দিবসটির তাৎপর্য যারা ম্লান করতে চায়, তারা মূলত বিদেশি আধিপত্যবাদের দোসর।

ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য স্থানীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে একটি সুসজ্জিত মিছিল উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০