ভৈরব নদ বাঁচাতে তরুণ চিকিৎসকের ডাকে নামলেন বহু তরুণ
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যশোরের ভৈরব নদকে কচুরিপানামুক্ত করে আগের সৌন্দর্য ফিরিয়ে আনার স্বপ্ন দেখেন তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আহ্বানে সাড়া দিয়েছেন অর্ধশতাধিক তরুণ-তরুণী। সোমবার (৯ নভেম্বর) সকালে যশোর শহরের দড়াটানা এলাকায় নদে নেমে স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণ শুরু করেন তাঁরা। তাঁদের প্রত্যাশা, একদিন আবার ভৈরবের স্বচ্ছ পানিতে প্রতিফলিত হবে আকাশ ও জোছনার চাঁদ।
যশোরের ইতিহাস, ঐতিহ্য ও জনজীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে ভৈরব নদ। একসময় এই নদ ছিল শহরের প্রাণ। অথচ সময়ের সঙ্গে সঙ্গে দূষণ, কালো পানি ও কচুরিপানার বিস্তারে হারিয়ে যেতে বসেছে এর স্বাভাবিক সৌন্দর্য। নদটির এমন দুরবস্থা মেনে নিতে পারেননি যশোরের ঘোপ এলাকার বাসিন্দা তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা। ভৈরবের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে নিজেই উদ্যোগী হন তিনি।
গত কয়েক দিন ধরে নিজের ফেসবুক পেজে ভৈরব নদ পরিষ্কার করার জন্য মানুষের সহযোগিতা চেয়ে আসছিলেন ডা. উষা। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানানোতেই থেমে থাকেননি। শুক্রবার ও শনিবার নিজেই নদে নেমে কচুরিপানা অপসারণ করেন। সেই কাজের ছবি প্রকাশ করে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
এর ধারাবাহিকতায় রোববার ঘোষণা দেন, সোমবার ৯ নভেম্বর সকাল ৮টা থেকে সবাই মিলে স্বেচ্ছাশ্রমে ভৈরব নদ পরিষ্কার করা হবে।
তাঁর আহ্বানে সাড়া দিয়ে সোমবার সকাল থেকেই যশোর শহরের দড়াটানা এলাকায় ভৈরব নদের পাড়ে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী তরুণ-তরুণী। সকাল ৯টার দিকে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী নদে নেমে কচুরিপানা সরানোর কাজ শুরু করেন। কালো পানিতে নেমে একে একে সবাই কাজে অংশ নেন। একজনের ব্যক্তিগত স্বপ্ন এভাবেই রূপ নেয় সম্মিলিত সামাজিক উদ্যোগে।
তরুণদের এই ব্যতিক্রমী উদ্যোগ দেখতে নদপাড়ে ভিড় করেন স্থানীয় বাসিন্দারাও। অনেকে তাঁদের উৎসাহ দেন এবং উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের কাছে এটি শুধু কচুরিপানা পরিষ্কারের কাজ নয়, বরং যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদকে আগের অবস্থায় ফিরিয়ে আনার একটি ইতিবাচক প্রচেষ্টা।
ডা. সাদিয়া মনোয়ারা উষার শৈশব ও কৈশোর কেটেছে যশোর শহরের ঘোপ এলাকায়। ছোটবেলা থেকেই ভৈরব নদের সঙ্গে তাঁর স্মৃতি জড়িয়ে আছে। খুলনা মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী উষা ৩৯তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে তিনি ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হয়ে কঙ্গোতেও দায়িত্ব পালন করেছেন তিনি।
কর্মজীবনে দেশের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করলেও নিজের শহরের পরিচিত নদটির এমন করুণ অবস্থা তাঁকে ব্যথিত করে। সেই অনুভূতি থেকেই ভৈরবকে পরিচ্ছন্ন করার উদ্যোগ নেন তিনি।
মেয়ে উষার এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তাঁর মা রওনক রায়হানাও। তিনিও চান, ভৈরব নদের পানি আবার স্বচ্ছ হয়ে উঠুক। নদে ফিরুক প্রাণ, পানিতে পড়ুক নীল আকাশের ছায়া। পূর্ণিমার রাতে দেখা যাক চাঁদের প্রতিবিম্ব। মা-মেয়ের এই প্রত্যাশা এখন যশোরের অনেক মানুষের স্বপ্নের সঙ্গে মিশে গেছে।
তরুণদের স্বেচ্ছাশ্রমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডও। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শুধু কচুরিপানা অপসারণ করলেই নদটির সংকট কাটবে না। দূষণ নিয়ন্ত্রণ, নাব্যতা বজায় রাখা এবং পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার বিষয়েও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
জানা গেছে, জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় ভৈরব নদ খনন করা হয়েছিল। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত চলা এই কাজে ব্যয় হয় ২৭৯ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা। তবে খননের আগে পাড়সহ নদটির প্রস্থ ছিল ২৬৩ ফুট। খননের পর তা কমে দাঁড়ায় ১০০ ফুটে। বিপুল অর্থ ব্যয়ে খননকাজ শেষ হলেও নদটির বর্তমান অবস্থা নিয়ে হতাশা রয়েছে স্থানীয়দের মধ্যে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ভৈরবকে বাঁচাতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও নিয়মিত তদারকি। নদে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ, কচুরিপানা অপসারণ, দূষণের উৎস নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি সংস্থাগুলোর কার্যকর উদ্যোগের সঙ্গে স্থানীয় মানুষের অংশগ্রহণও জরুরি।
একজন তরুণ চিকিৎসকের আহ্বানে অর্ধশতাধিক তরুণের নদে নেমে পড়া তাই নতুন আশার সঞ্চার করেছে। এক দিনের উদ্যোগে ভৈরবের সব সংকট দূর করা সম্ভব নয়। তবে নদটির প্রতি মানুষের দায়িত্ববোধ ও ভালোবাসা জাগিয়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডা. উষার স্বপ্ন, একদিন ভৈরবের পানি হবে স্বচ্ছ, নদে ফিরবে প্রাণ। দিনের আলোয় পানিতে দেখা যাবে আকাশের ছায়া, আর জোছনা রাতে ফুটে উঠবে চাঁদের প্রতিবিম্ব। সেই স্বপ্ন পূরণে এবার একা নন তিনি; পাশে দাঁড়িয়েছেন যশোরের একদল সচেতন তরুণ।
১৩০ বার পড়া হয়েছে