কলাপাড়ায় উপকূলীয় কৃষির সম্ভাবনা নিয়ে কৃষকদের মতবিনিময়
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় অঞ্চলের কৃষি খাতের সম্ভাবনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে প্রান্তিক কৃষকদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নীলগঞ্জ ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ সভার আয়োজন করা হয়। সোমবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় বক্তারা জলবায়ু সহনশীল শস্য উৎপাদন ও কৃষি উন্নয়নে গুরুত্বারোপ করেন।
কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী খামারবাড়ির উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী।
অনুষ্ঠানে নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকেরা সরাসরি অংশ নিয়ে উপকূলীয় অঞ্চলে চাষাবাদের নানা সমস্যা, সম্ভাবনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন। কৃষির নতুন প্রযুক্তি ও প্রতিকূল পরিবেশ উপযোগী ফসল চাষে স্থানীয় কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত কর্মকর্তারা।
১২৭ বার পড়া হয়েছে