ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা: বিদ্যুৎ সাশ্রয় ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের সার্বিক উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় বিদ্যুৎ সাশ্রয়, স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ পানি সরবরাহসহ বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার তাগিদ দেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে পিডিবির পক্ষ থেকে জানানো হয়, গ্রিড থেকে প্রাপ্তি অনুযায়ী গড়ে ৭০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী রাত আটটার মধ্যে বিপণিবিতান বন্ধ ও সন্ধ্যা সাতটার মধ্যে বিলবোর্ড বা লাইটিং বন্ধ নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বজায় রাখতে বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করেছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর পরিচ্ছন্নতা এবং গত মাসে পরিচালিত মোবাইল কোর্টের তথ্য তুলে ধরা হয়। অন্যদিকে, মৎস্য বিভাগ বাজারগুলোতে রাসায়নিক ও রং মিশ্রিত মাছ বিক্রি বন্ধে এবং ভেজাল মৎস্য খাদ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানানো হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায়, জেলার ১৪টি উপজেলায় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের দরপত্র প্রক্রিয়া দ্রুত শুরু হচ্ছে। এছাড়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে ভালুকা, ফুলপুর, মুক্তাগাছাসহ বিভিন্ন উপজেলায় ২২৮টি কমিউনিটি পাইপলাইনের মাধ্যমে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের কাজ চলমান রয়েছে।
১০৯ বার পড়া হয়েছে