মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ দুপুরে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, 'নিউ বলেশ্বর' পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ওই সময় মহাসড়কের পাশে অবস্থিত মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকামুখী একটি প্রাইভেটকার রওনা দিলে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় দুটি যানের মধ্যে তীব্র সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধারকারীরা দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থেকে চালকের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন আরোহী ছিলেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শেষ করেছে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
১০৩ বার পড়া হয়েছে