গোদাগাড়ীতে ৪শ' ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ১৮ মামলার আসামি
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সফল অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মধু মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গোলাই গ্রামে অভিযানটি চালানো হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ১৮ মামলার এক দুর্ধর্ষ আসামি। এই মাদক চক্রের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা ডিবি পুলিশের কাছে গোপন তথ্য আসে যে, গোলাই গ্রামের বাদশা মণ্ডলের একটি জমিতে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মো. মোমিনুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ দল সেখানে দ্রুত অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে মো. মধু মিয়াকে (৬২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া মধু মিয়া রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
এদিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মো. মিলন হোসেন ওরফে ভগা (৪৫) নামের অপর এক মাদক কারবারি ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। পলাতক মিলন রাজশাহী মহানগরীর দামকুড়া থানার পুরাতন কসবা এলাকার বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, মিলনের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় মাদকসহ অন্তত ১৮টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
অভিযান শেষে গ্রেপ্তার হওয়া মধু মিয়া ও পলাতক মিলন হোসেনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
১০৬ বার পড়া হয়েছে