আশুগঞ্জে রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলার অভিযোগ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের ওপর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে গিয়ে এই হামলার শিকার হন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও উত্তেজনা চরম আকার ধারণ করেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ১টার দিকে আশুগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, একদল যুবক হঠাৎ করেই রুমিন ফারহানার সমর্থকদের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারতে শুরু করে। সে সময় ঘটনাস্থলে থাকা আনসার ও ভিডিপি সদস্যরা হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা চালান।
আক্রান্ত সমর্থকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার উপজেলা অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থীদের একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি তদারকি করতে তারা উপজেলা পরিষদ কমপ্লেক্সে গিয়েছিলেন। তখনই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
হামলায় আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব এবং সাবেক আহ্বায়ক আতাউর রহমান আহত হয়েছেন। রাসেল বিপ্লব অভিযোগ করেন, জোহরের নামাজের সময় তারা উপজেলা পরিষদের বিপরীতে দাঁড়িয়ে কথা বলছিলেন, তখনই অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়।
তবে হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। তিনি দাবি করেন, মাদক সংক্রান্ত একটি বিষয় নিয়ে কিছু যুবকের সাথে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়েছিল এবং তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
ঘটনা প্রসঙ্গে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, তাঁর সমর্থকদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অন্যদিকে, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন জানান, উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তবে সংসদ সদস্য চাইলে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদে রুমিন ফারহানার একটি বক্তব্যের জেরে আশুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছিলেন এবং তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। আব্দুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রুমিন ফারহানার উপস্থিত থাকার কথা রয়েছে।
১২০ বার পড়া হয়েছে