সুন্দরবন রক্ষা ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মোংলায় মানববন্ধন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবন রক্ষা ও দেশে নবায়নযোগ্য জ্বালানি প্রসারের দাবিতে মোংলার পশুর নদীর পাড়ে এক মানববন্ধন ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু বিপর্যয় রোধে শ্যামনগর থেকে টেকনাফ অভিমুখে মাসফিকুল হাসান টনির একক পদযাত্রাকে স্বাগত জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। নাগরিক সংগঠন 'ধরিত্রী রক্ষায় আমরা' (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এতে অংশ নেয়।
বৃহস্পতিবার সকালে মোংলার দক্ষিণ কাইনমারি এলাকায় পশুর নদীর পাড়ে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ ক্যাম্পেইনের আওতায় এই সংহতি সমাবেশের আয়োজন করা হয়। পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠন 'ধরিত্রী রক্ষায় আমরা' (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার এবং 'সুন্দরবন রক্ষায় আমরা' এই কর্মসূচিতে সংহতি জানায়।
সমাবেশে সভাপতিত্ব করেন ধরা’র কেন্দ্রীয় নেতা এবং পশুর রিভার ওয়াটারকিপারের সমন্বয়কারী মো. নূর আলম শেখ। তিনি বলেন, দেশের চলমান জ্বালানি সংকট দূর করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে নবায়নযোগ্য জ্বালানির ওপর সর্বোচ্চ জোর দিতে হবে। পাশাপাশি সৌর ও বায়ু বিদ্যুতের মতো সবুজ জ্বালানি আমদানির ওপর থেকে সব ধরনের শুল্ক ও কর প্রত্যাহারের দাবি জানান তিনি।
উপকূলীয় অঞ্চলে একক পদযাত্রায় অংশ নেওয়া মাসফিকুল হাসান টনি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বলেন, কয়লাসহ সব ধরনের জীবাশ্ম জ্বালানি আমাদের প্রাণ-প্রকৃতি ও জলবায়ুর জন্য মারাত্মক হুমকিস্বরূপ। দেশের অর্থনৈতিক উন্নয়ন টেকসই করতে সরকারকে অবিলম্বে নবায়নযোগ্য জ্বালানিতে সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সাতক্ষীরার শ্যামনগরের পাঁচ নদীর মুখ থেকে ‘বাংলাদেশ কোস্টাল ট্রাভার্স’ শীর্ষক এই একক পদযাত্রা শুরু করেন মাসফিকুল হাসান টনি। ১৯ দিনব্যাপী এই অভিযাত্রায় তিনি উপকূলের বিভিন্ন জেলা অতিক্রম করে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে গিয়ে যাত্রা শেষ করবেন। মোংলায় পৌঁছালে স্থানীয় পরিবেশকর্মী ও জেলেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
১৪০ বার পড়া হয়েছে