গোপালগঞ্জে ধর্ষণের শিকার নারীর পাশে দাঁড়াল এনসিপি
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার ভুক্তভোগী নারীর পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির একটি প্রতিনিধি দল হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর খোঁজখবর নেওয়ার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী নারীকে দেখতে যান জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। দলটির জেলা শাখার সদস্য সচিব ফেরদৌস আমিনার নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে ওই নারীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।
ভুক্তভোগীর পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ফেরদৌস আমিনা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৮ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়ার পারকোনা এলাকায় সন্তানদের সামনে এক নারীকে পাশবিকভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনার প্রধান অভিযুক্ত সোহাগ গাজীসহ চারজনের মধ্যে মাত্র দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এনসিপি নেত্রী আরও অভিযোগ করেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। এছাড়া অভিযুক্তদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং তা নিয়ে দলের মিথ্যাচার সাধারণ মানুষের মনে ভীতি তৈরি করছে। এনসিপির পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে সব ধরনের আইনি ও সামাজিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, টুঙ্গিপাড়া উপজেলার পারকোনা মাদ্রাসা এলাকায় ঘরে ঢুকে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ইতিমধ্যে দুই আসামিকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
১২১ বার পড়া হয়েছে