মেলান্দহে পরিবেশ অধিদপ্তরের অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের মেলান্দহ উপজেলায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার মেলান্দহ পৌরসভার ফুল চেন্নাই এলাকায় মেসার্স মুন্না ব্রিকস নামের ওই ভাটার ফিক্সড চিমনি ও কিলন ধ্বংস করা হয়। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
অভিযানটি পরিচালনা করেন জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ,কে,এম, ছামিউল আলম কুরসি ও পরিদর্শক সঞ্জিত বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা।
অভিযান চলাকালে ইটভাটাটির লাইসেন্স ও ছাড়পত্র না থাকায় এবং নিষিদ্ধ ফিক্সড চিমনি ব্যবহারের অভিযোগে মেলান্দহ পৌরসভার ফুল চেন্নাই এলাকার মেসার্স মুন্না ব্রিকসের চিমনি ও কিলন সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি জানান, অবৈধ এবং পরিবেশের জন্য ক্ষতিকর ফিক্সড চিমনী বিশিষ্ট ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতেই এই মোবাইল কোর্ট চালানো হয়েছে। পরিবেশ রক্ষার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও চলমান থাকবে।
উক্ত মোবাইল কোর্টে মেলান্দহ থানা পুলিশ, সদর থানা পুলিশ এবং মেলান্দহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে ও উচ্ছেদ কাজে সহযোগিতা প্রদান করে।
১২০ বার পড়া হয়েছে