গোপালগঞ্জে র্যাব সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে এক র্যাব সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হয়রানি ও চলাচলের সাধারণ পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারগুলো এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর ওই সদস্যের নাম আশিক খান বলে জানা গেছে।
সোমবার দুপুরে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে ভুক্তভোগী ফারজানা খানমের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
লিখিত বক্তব্যে ফারজানা খানম অভিযোগ করেন, প্রায় ১৩ বছর আগে প্রতিবেশী কুটি মিয়া খানের কাছ থেকে তাঁরা আট শতাংশ জমি ক্রয় করেছিলেন। ওই জমি দিয়েই স্থানীয় প্রায় ১০টি পরিবারের অর্ধশতাধিক মানুষ দীর্ঘ দিন ধরে যাতায়াত করে আসছিলেন। তবে কুটি মিয়ার মৃত্যুর পর তাঁর ছেলে ফরিদপুরে কর্মরত র্যাব সদস্য আশিক খাঁন এবং দাদা আলেক খাঁন টিনের বেড়া দিয়ে সেই চলাচলের রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেন।
রাস্তা অবরুদ্ধ করার পর ভুক্তভোগীরা আইনি পদক্ষেপ হিসেবে আদালতে মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে, মামলা করার পরদিনই ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের কয়েকজন সদস্য এসে তাঁদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেয়। পরবর্তীতে সমঝোতার শর্তে মামলা প্রত্যাহার করা হলেও, কৌশলে তাঁদের বিরুদ্ধে পাল্টা মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেন ফারজানা।
ভুক্তভোগীরা জানান, বর্তমানে বিকল্প কোনো পথ না থাকায় তাঁরা অন্যের জমির ওপর দিয়ে চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করছেন। এ বিষয়ে স্থানীয় থানায় জানিয়েও অভিযুক্তের প্রভাবের কারণে কোনো প্রতিকার পাওয়া যায়নি। তবে অভিযুক্ত আশিক খান তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে অপপ্রচার বলে দাবি করেছেন।
১০৮ বার পড়া হয়েছে