সম্পর্ক হতে হবে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে: স্পিকার
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ এখনো ব্রিকসের সদস্য নয়। তবে ব্রিকসের অংশীদার হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে ব্রিকসে যোগ দেওয়ার বিষয়ে সরকারের নীতি এখনো স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে স্পিকার বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার ঘটনায় বাংলাদেশের মানুষের মধ্যে একধরনের রিজারভেশন বা অস্বস্তি তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।
তিনি বলেন, দুই দেশের সম্পর্ক হতে হবে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।
সংস্কার প্রসঙ্গে স্পিকার বলেন, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। সরকার ও বিরোধী দল সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে সংসদের আগামী অধিবেশনে প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
১১২ বার পড়া হয়েছে