বিদেশে উচ্চশিক্ষা পরামর্শে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান মন্ত্রী সাচিং প্রু'র
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিদেশে উচ্চশিক্ষা পরামর্শক খাতে স্বচ্ছতা, জবাবদিহি, নৈতিকতা ও পেশাদারত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপি। তিনি বলেছেন, কোনো শিক্ষার্থী যেন ভুল তথ্যের শিকার না হন এবং কোনো অভিভাবক যেন প্রতারণার শিকার না হন—এ বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
শনিবার রাতে ঢাকার বনানীর হোটেল সেরিনার হলরুমে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফএসিডি-ক্যাব) নির্বাহী কমিটি ২০২৫–২০২৭-এর এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘পরিবর্তনের এক বছর’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
সাচিং প্রু বলেন, একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার মানবসম্পদ। পাহাড় ও সমতলের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। পার্বত্য অঞ্চলের কোনো মেধাবী শিক্ষার্থী যেন ভৌগোলিক বা অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা কোনো দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন উন্নত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আধুনিক জ্ঞান ও প্রযুক্তি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবেন—এটাই প্রত্যাশা।
পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, প্রত্যন্ত এলাকায় অনেক মেধাবী শিক্ষার্থী থাকলেও সঠিক তথ্য ও দিকনির্দেশনার অভাবে তাঁরা আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ থেকে পিছিয়ে পড়েন। তাঁদের জন্য বিশেষ বৃত্তি ও আর্থিক সহায়তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ, ভর্তি ও ভিসা পরামর্শ এবং আইইএলটিএস প্রস্তুতিতে সহায়তার ওপর গুরুত্ব দিতে হবে।
বিদেশে উচ্চশিক্ষা পরামর্শক খাতে স্বচ্ছতা ও পেশাগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে সাচিং প্রু বলেন, এ ক্ষেত্রে এফএসিডি-ক্যাব দায়িত্বশীল ভূমিকা পালন করলে সরকারের পক্ষ থেকে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়া হবে।
অনুষ্ঠানে এফএসিডি-ক্যাবের আহ্বায়ক জি এম ফারুক, সভাপতি জুলফিকার আলী জুয়েল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, বিশেষ অতিথি ড. রফিকুল ইসলাম হিলালী এমপি ও মিজ্ সেলিনা সুলতানা নিশিতা এমপি বক্তব্য দেন। এ ছাড়া সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য, শিক্ষা পেশাজীবী এবং বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১২৬ বার পড়া হয়েছে