জনগণের কষ্টকে রাজনৈতিক হাতিয়ার বানাবেন না: সৈয়দ প্রিন্স
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জনগণের কষ্টকে পুঁজি করে জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি না দিয়ে দেশের মানুষের কষ্ট লাঘবে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহে মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিরোধী দলের অযৌক্তিক আন্দোলনের সমালোচনা করে এ কথা বলেন।
ময়মনসিংহে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন। ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সংসদ কিংবা রাজপথ—কোথাও বিরোধী দলের কণ্ঠ রোধ করেনি বিএনপি সরকার। তারা সম্পূর্ণ স্বাধীনভাবে ও নির্বিঘ্নে নিজেদের বক্তব্য তুলে ধরছেন এবং কর্মসূচি পালন করছেন। তাই সংসদে কথা বলতে না পেরে রাজপথে নামার যে অজুহাত দেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক।
দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এই পরিস্থিতির জন্য তারেক রহমান বা বর্তমান বিএনপি সরকার কোনোভাবেই দায়ী নয়। বিরোধী দলের নেতা নিজেই পূর্বে এই সংকটকে আওয়ামী লীগের দীর্ঘদিনের ভুল নীতি ও দুর্নীতির ফসল হিসেবে উল্লেখ করেছিলেন। এর পরও সংকট সৃষ্টির দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও দায়িত্বজ্ঞানহীন।
তিনি আরও অভিযোগ করেন, ডিসেম্বরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। ১৯৮৬ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সমঝোতার যে ইতিহাস রয়েছে, ২০২৬ সালেও তার পুনরাবৃত্তি ঘটছে কি না, তা নিয়ে জনগণের মনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে তিনি দলের সকল নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।
সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজিন চৌধুরী লিলির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। তিনি মন্তব্য করেন, দেশের নারী সমাজই বিএনপির মূল শক্তি এবং দল সবসময় নারী অধিকার ও কর্মসংস্থানে বিশ্বাসী।
১০৮ বার পড়া হয়েছে