গোপালগঞ্জে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জমজমাট নারী নৌকা বাইচ
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হয়েছে নারীদের এক ব্যতিক্রমী নৌকা বাইচ প্রতিযোগিতা। জিকাবাড়ি বিলে আয়োজিত এই উৎসবমুখর প্রতিযোগিতায় ১৫টি নৌকার নারী মাঝিরা অংশ নেন, যা দেখতে ঢল নেমেছিল হাজারো মানুষের। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে ব্যতিক্রমী এই উদ্যোগ নেয় স্থানীয় মহিলা দল।
উপজেলার মাহমুদপুর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে জমকালো এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে জিকাবাড়ি বিলে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা শুরু হলে চারপাশের এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়। স্থানীয় বাসিন্দা ও দূর-দূরান্ত থেকে আসা উৎসুক দর্শনার্থীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বিলের দুই পাড়।
আয়োজকেরা জানান, এবারের প্রতিযোগিতায় গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আসা মোট ১৫টি সুসজ্জিত নৌকা অংশ নেয়। সাধারণত নৌকা বাইচে পুরুষদের প্রাধান্য দেখা গেলেও, এই প্রতিযোগিতায় নৌকার মাল্লা ও মাঝি হিসেবে নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল নজরকাড়া। বৈঠার ছলাত ছলাত শব্দ আর মাল্লাদের সম্মিলিত কণ্ঠের জারি-সারি গান উপস্থিত দর্শকদের ভীষণভাবে বিমোহিত করে।
দীর্ঘদিন পর এমন ব্যতিক্রমী ও রোমাঞ্চকর আয়োজন উপভোগ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। করতালির মাধ্যমে তারা প্রতিযোগীদের উৎসাহ জোগান। প্রতিযোগিতা শেষে অংশ নেওয়া দলগুলোর মাঝে এবং বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
নৌকা বাইচ উপভোগ করতে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শীলা, সাধারণ সম্পাদক ফারজানা পপি এবং মাহমুদপুর ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মোসা. কামরুন নাহার লাভলী। আয়োজক কমিটির আহ্বায়ক কামরুন নাহার লাভলী জানান, গ্রামবাংলার হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের মাঝে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ছড়িয়ে দিতেই মূলত এই নৌকা বাইচের আয়োজন করা হয়েছিল।
১২২ বার পড়া হয়েছে