চারঘাটে ৩০০ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর চারঘাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩০০টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চারঘাট থানার তাতারপুর গ্রামের আক্কাসের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চারঘাটের তাতারপুর গ্রামের মো. সজিব ইসলাম (২৪) ও হলিদাগাছি গ্রামের মো. সুমন ইসলাম (৩০)। এদের মধ্যে সজিবের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
অভিযান প্রসঙ্গে ডিবি জানায়, বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসানের নেতৃত্বে চারঘাটের বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছিল। এ সময় গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তাতারপুর গ্রামের আক্কাসের মোড় এলাকায় একটি বাড়ির সামনে পাকা সড়কের ওপর দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে মাদক বিক্রির জন্য অপেক্ষা করছেন।
খবর পেয়ে ডিবির পুলিশ পরিদর্শক মো. মোমিনুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সজিব ও সুমনকে হাতেনাতে আটক করা হয়। পরে সজিবের দেহ তল্লাশি করে তার পকেট থেকে ৩০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
১১০ বার পড়া হয়েছে