সুস্থ বাংলাদেশ গড়তে তরুণরা এগিয়ে এলে সবই সম্ভব: প্রধানমন্ত্রী
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠী পরিচ্ছন্ন ও সুস্থ বাংলাদেশ গড়তে এগিয়ে এলে ডেঙ্গুসহ বিভিন্ন নাগরিক সমস্যা মোকাবিলা করা সম্ভব।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তরুণ সমাজের শক্তির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, একটি দেশের এত বড় তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায়, তাহলে তা সম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা পরিবর্তন এনেছিল। একইভাবে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও তরুণদের এগিয়ে আসতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। শতভাগ নিয়ন্ত্রণ সম্ভব না হলেও ৮০ শতাংশ পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।
তিনি দেশের নাগরিকদের প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজেদের আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে রাস্তাঘাটে যত্রতত্র ময়লা না ফেলার জন্যও সবাইকে অনুরোধ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে সুন্দর ও সুস্থ রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজের সুস্থতার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখার দায়িত্বও প্রত্যেক নাগরিককে নিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ চলবে।
১১৪ বার পড়া হয়েছে