শিবপুরে শীতলক্ষ্যায় ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চারজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার সকালে নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন আরও দুজন। আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন গাজীপুরের কালীগঞ্জের ওবায়দুল্লাহ (৩৮), মোসা. শান্তা (১৬) ও মো. শান্ত (২৪)। গত শুক্রবার বিকেলে তাঁরা বাড়ির অন্য সদস্যদের সঙ্গে স্থানীয় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানা এবং নদীতে তীব্র স্রোত থাকার কারণে ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত গভীর পানিতে তলিয়ে যান। তাঁদের বাঁচানোর জন্য স্থানীয় তরুণ সৌরভ এগিয়ে গেলে তিনিও নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ হন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা নদীতে উদ্ধার তৎপরতা শুরু করেন, তবে কাউকে খুঁজে পেতে ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথম দফায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায়। তবে আলো স্বল্পতা এবং প্রতিকূল পরিস্থিতির কারণে রাতে উদ্ধারকাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
পরদিন শনিবার সকালে ভৈরব থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল এসে পুনরায় উদ্ধার তৎপরতা শুরু করে। দীর্ঘ তল্লাশির পর সকাল ৮টার দিকে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ভাসমান অবস্থায় সৌরভের মরদেহ উদ্ধার করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর সকাল ৯টার দিকে নদী থেকে ওবায়দুল্লাহর মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান গণমাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ অপর দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর থেকে এলাকায় শোকাকুল পরিবেশ বিরাজ করছে।
১১২ বার পড়া হয়েছে