সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় পৈতৃক সম্পত্তি চাওয়ায় নারীকে পিটিয়ে জখম

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় পৈতৃক সম্পত্তির ভাগ চাওয়ায় গোলাপি আক্তার নামের এক নারীকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এ বর্বরোচিত হামলা ঘটে। আহত ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে মারা যান ভুক্তভোগী গোলাপি আক্তারের বাবা। এরপর থেকেই তাঁর চাচারা পৈতৃক জমি জোরপূর্বক দখল করে রেখেছেন বলে অভিযোগ স্বজনদের। সম্প্রতি জমির ন্যায্য অংশ দাবি করলে চাচা ও তাঁর সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় গোলাপির দুই ভাই মেহেদী ও ইমরান স্থানীয় মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গেলে অভিযুক্ত সোহেল খান, ফিরোজ খান ও দুলাল খানসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে গোলাপি সেখানে ভাইদের বাঁচাতে গেলে তাঁকে লোহার রড দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। হামলায় তাঁর মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

গোলাপির ভাই মিজানুর রহমান জানান, জীবিকার তাগিদে তাঁরা ঢাকায় বসবাস করেন। বাবার মৃত্যুর পর থেকে চাচারা অন্যায়ভাবে তাঁদের জমি ভোগদখল করছেন। পৈতৃক সম্পত্তি বুঝে নিতে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে শালিস বৈঠকের প্রস্তুতি চলাকালেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

অভিযুক্তদের পক্ষে ফিরোজ খান জমি নিয়ে বিরোধের সত্যতা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, যে জমি ভুক্তভোগীরা দাবি করছেন তা তাঁরা পাবেন না। তবে নিজেদের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটেছে বলে তিনি স্বীকার করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০