চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের বিশেষ মশক নিধন অভিযান শুরু
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এই সচেতনতামূলক ও লার্ভিসাইড স্প্রে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। কর্মসূচির অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ মোড় এবং জনসমাগমপূর্ণ এলাকায় মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড স্প্রে করার পাশাপাশি ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি অপসারণ করা হয়।
এই বিশেষ অভিযানে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র, প্রশাসক এবং স্থানীয় পৌর কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা শহরের বিভিন্ন ড্রেন ও জঙ্গল পরিষ্কারের কাজে সরাসরি তদারকি করেন।
জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী এক বক্তব্যে বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে নাগরিকদের সুরক্ষিত রাখতে জেলা প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ। মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি আমরা স্থানীয় বাসিন্দাদের সচেতন করার ওপর জোর দিচ্ছি। তিনি আরও জানান, পুরো জেলা জুড়ে এই প্রতিরোধমূলক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।
এছাড়া প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি বাড়ির আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং টব বা পাত্রে ৩ দিনের বেশি পানি জমতে না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
১১২ বার পড়া হয়েছে