সর্বশেষ

সারাদেশ

নেত্রকোনায় ট্রলারের ইঞ্জিনে বোরকা পেঁচিয়ে নারী বরযাত্রীর মৃত্যু

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনার মদনে বরযাত্রী নিয়ে ফেরার পথে ট্রলারের ইঞ্জিনের সাথে বোরকা ও চুল পেঁচিয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে মদন পৌরসভার দেওয়ান বাজার ট্রলার ঘাটে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত নারী আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এই দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মদন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাত্তার মিয়ার ছেলে সুজ্জামানের সাথে মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের জজ মিয়ার মেয়ে মোছাঃ তামান্নার বিয়ে সম্পন্ন হয়েছিল। বিয়ে শেষে কনেকে সাথে নিয়ে বরযাত্রীরা নদীপথে ফিরছিলেন। দেওয়ান বাজার ঘাটে পৌঁছানোর পর ট্রলার থেকে নামার সময় এই অনাকাঙ্ক্ষিত বিপর্যয় ঘটে।

কনেযাত্রী ও বরযাত্রী দল যখন ট্রলার থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন অসাবধানতাবশত রিনা আক্তারের বোরকা ও মাথার চুল সচল ডিজেল চালিত জেনারেটরের ইঞ্জিনের সাথে পেঁচিয়ে যায়। এতে তিনি মুহূর্তেই মারাত্মকভাবে জখম হন। নিহত রিনা আক্তার মূলত ভোলা জেলা সদরের মো. শামীমের স্ত্রী এবং তিনি নেত্রকোনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার স্বার্থে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহের সুরতহালসহ ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০