চলতি বছর ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চলতি বছরই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা এখন বৈশ্বিক, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। সরকার এ সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার। তেল ও বিদ্যুতের মতো গ্যাস নিয়েও কিছু অসাধু ব্যক্তি অবৈধ কর্মকাণ্ডে জড়িত বলে তিনি উল্লেখ করেন।
দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা অবৈধ ও অন্যায় কর্মকাণ্ড করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে কাউকে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।
বিগত সময়ে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ যাতে কেউ ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে না পারে, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। প্রধানমন্ত্রী মসজিদ কর্তৃপক্ষের হাতে এসব অনুদানের চেক তুলে দেন।
এ ছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-১৭ আসনের ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
১১০ বার পড়া হয়েছে