পাবনায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলা ও জনসচেতনতা বাড়াতে পাবনায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। জাতীয়ভাবে এই কর্মসূচির উদ্বোধনের পর পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় স্তরে নানা কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রমের সূচনা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই দেশব্যাপী অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাবনা জেলা প্রশাসন কার্যালয় থেকে স্থানীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।
পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য হলো পাবনা জেলার প্রতিটি উপজেলা ও পৌর এলাকায় ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে ধ্বংস করা। এছাড়া নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তি ও সামাজিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান।
উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।
১০৯ বার পড়া হয়েছে