গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করলে পরিণতি ভালো হবে না: জামায়াত আমির
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করা হলে এর পরিণতি ভালো হবে না। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কার এবং শাসনতান্ত্রিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সাথে দেশের সামগ্রিক উন্নয়ন ও গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকার আহ্বান জানান জামায়াত আমির।
বগুড়া সার্কিট হাউসে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সেখানে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সুশাসন ও রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, বিগত সাড়ে ১৫ বছর দেশের মানুষ চরম অত্যাচার ও ট্রমার মধ্য দিয়ে গেছে এবং ২০২৪ সালের গণবিপ্লব সেই ধারা পরিবর্তনের এক ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে।
জামায়াত আমির দাবি করেন, দেশের ৯২ শতাংশ মানুষ গণভোটে সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। জনগণের এই রায়কে অবহেলা করার কোনো সুযোগ নেই। তিনি জানান, জামায়াতে ইসলামী জনগণের অধিকার আদায়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুসংগঠিতভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাবে, যা জনভোগান্তিমুক্ত থাকবে।
গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় তিনি বগুড়া অঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্যের তীব্র সমালোচনা করেন। উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ জেলাটির শিল্প ঐতিহ্য ও অবকাঠামোগত উন্নয়ন ফিরিয়ে এনে সুষম বণ্টন নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
এর আগে সকালে জামায়াত আমির ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে গিয়ে সাবেক নেতা শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। সেখানে তিনি শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ‘শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১০৮ বার পড়া হয়েছে