পদ্মা নদীর ভাঙনরোধে স্থায়ী বাঁধের দাবিতে ফরিদপুরে মানববন্ধন
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন থেকে বসতভিটা ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শয়তানখালী এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি জানানো হয়।
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের শয়তানখালী এলাকায় পদ্মা নদীর তীরে এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে আকোটের চর জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় আড়াই শতাধিক মানুষ অংশ নেন।
বক্তারা জানান, পদ্মার অব্যাহত ভাঙনে শয়তানখালী ও তার আশপাশের ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি, হাট-বাজার এবং গুরুত্বপূর্ণ স্থাপনা চরম হুমকির মুখে পড়েছে। প্রতিবছর নদীভাঙনের শিকার হয়ে বহু পরিবার তাদের ঘরবাড়ি ও শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভাঙন ত্বরান্বিত হওয়ার প্রধান কারণ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। একটি মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিয়মিত বালু তোলায় নদীর গতিপথ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তীরের ভাঙন তীব্র হচ্ছে। এর ফলে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী শিকদার জানান, কেবল সাময়িক জিওব্যাগ ফেলে পদ্মার এই প্রলয়ংকরী ভাঙন প্রতিরোধ করা অসম্ভব। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য প্রয়োজন পরিকল্পিতভাবে নদীতীর সংরক্ষণ ও টেকসই বাঁধ নির্মাণ। সেই সঙ্গে অবৈধ উপায়ে বালু উত্তোলন কঠোরভাবে দমন না করলে সরকারের কোনো ভাঙনরোধী প্রকল্পই সফল হবে না।
১০৯ বার পড়া হয়েছে