হামে ৭ এবং ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু এবং ১ হাজার ৪৯২ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হামের সর্বশেষ পরিস্থিতির এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে শুধু ঢাকাতেই মারা গেছেন তিনজন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৫০ জন, চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৫৩, বরিশালে ১১৬, খুলনায় ৮৯, ময়মনসিংহে ৮২, রাজশাহীতে ২৮ এবং রংপুরে ১৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন।
একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৬৫ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৩৩ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গুতে নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৮৪ জন খুলনা বিভাগে। এ ছাড়া বরিশালে ১৭৮, চট্টগ্রামে ২০২, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৪১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮১, ময়মনসিংহে ৮০, রাজশাহীতে ১২২, রংপুরে ৫৪ এবং সিলেটে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৮ হাজার ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৪৪ হাজার ৮৫৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে।
হাম ও ডেঙ্গু—দুই রোগেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক তথ্য অনুযায়ী, উভয় রোগের পরিস্থিতিই নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
১২০ বার পড়া হয়েছে