বঙ্গোপসাগরে লঘুচাপ: পায়রাসহ চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের ফলে পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসহ বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়াসহ সমগ্র উপকূলীয় এলাকায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বিভিন্ন এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সাথে উপকূলে বাতাসের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকের চেয়ে বড় বড় ঢেউ সৈকতে আছড়ে পড়ছে।
লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, মোংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে নদী ও সাগরে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উপকূলীয় মৎস্যজীবীদের সুরক্ষায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরা ট্রলার ও নৌকাগুলোকে গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বিশেষভাবে অনুরোধ করেছে প্রশাসন। কলাপাড়া ও কুয়াকাটা সংলগ্ন এলাকার জেলেরা ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করেছেন।
১১৮ বার পড়া হয়েছে