ফরিদপুরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে ব্যবসায়িক পাওনা টাকা চাওয়ার জেরে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী সৌরভ মোল্লার পরিবার সংবাদ সম্মেলন করে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। তাঁদের দাবি, পাওনা টাকা আত্মসাৎ করতেই এই চুরির নাটক সাজানো হয়েছে।
ফরিদপুর শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সৌরভ মোল্লার বোন সীমা আক্তার। তিনি অভিযোগ করেন, কানাইপুর এলাকার মৃত হাসান বিশ্বাসের ছেলে শামীম আহমেদ মুকুটের সাথে সৌরভ যৌথভাবে দীর্ঘদিন ধরে ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি সৌরভ তাঁর পাওনা ৪ কোটি ৩৫ লাখ টাকা এবং বিগত চার বছরের লভ্যাংশ দাবি করলে দ্বন্দ্বে শুরু হয়।
সীমা আক্তার জানান, পাওনা টাকা পরিশোধ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও শামীম আহমেদ বিভিন্ন তালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকেন। এরই ধারাবাহিকতায় গত ৬ সেপ্টেম্বর পাওনা টাকা দেওয়ার কথা বলে সৌরভকে নিজের কানাইপুরের বাড়িতে ডেকে নেন শামীম। সেখানে পূর্বপরিকল্পিতভাবে সৌরভ ও তাঁর সহযোগীদের ওপর হামলা চালানো হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, হামলা থেকে বাঁচতে সৌরভ পালিয়ে আসার পর শামীম নিজের ঘরের আসবাবপত্র তছনছ করেন। পরবর্তীতে তিনি নিজে বাদী হয়ে সৌরভসহ মুস্তাক, আবদুল্লাহ সরদার বাবু ও মাহিদুল ইসলাম স্মরণসহ কয়েকজনের বিরুদ্ধে ২ কোটি টাকা ও ৮০ ভরি স্বর্ণালংকার লুটের কাল্পনিক মামলা দায়ের করেন।
ভুক্তভোগী পরিবারটি একজন ব্যক্তির বাড়িতে এতো বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার রাখার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা এই সাজানো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
১০৬ বার পড়া হয়েছে