৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে নবায়নযোগ্য জ্বালানির পরিধি বাড়াতে আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বুধবার খুলনায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে একটি বৃহৎ সোলার প্ল্যান্ট উদ্বোধনের সময় এই রূপরেখা তুলে ধরেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। পরিবেশবান্ধব এই উদ্যোগের মাধ্যমে দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
খুলনার বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে (বাকেশি) নবনির্মিত ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় এই পরিবেশবান্ধব প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা হয়। নির্দিষ্ট মেয়াদের প্রায় এক মাস আগেই এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারখানার নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানোর পর এই প্ল্যান্টের অতিরিক্ত অংশ জাতীয় গ্রিডে যুক্ত করা হচ্ছে। এর ফলে প্রতি মাসে বাকেশির প্রায় ১৫ লাখ টাকা সাশ্রয় হচ্ছে। পুরো প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা। আশা করা হচ্ছে, আগামী তিন থেকে চার বছরের মধ্যেই এই বিনিয়োগের সম্পূর্ণ টাকা উঠে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে পরিবেশবান্ধব সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে সাধারণ মানুষকেও সোলার প্যানেল স্থাপনে উৎসাহিত করতে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় ৩০ হাজার একর জমি বরাদ্দ করা হয়েছে। এছাড়া বায়ুবিদ্যুৎ খাতের উন্নয়নেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের খালি জায়গাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সেখানে সোলার প্ল্যান্ট স্থাপন করা হবে।
বাকেশি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি। এছাড়া খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন ও জেলা প্রশাসক হুরে জান্নাতসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১২১ বার পড়া হয়েছে