চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক আইন সচেতনতা কর্মশালা
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষার্থীদের সড়ক সচেতন করতে বিশেষ কর্মশালার আয়োজন করেছে জেলা ট্রাফিক পুলিশ। এতে সড়ক আইন মেনে চলার পাশাপাশি বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধের আহ্বান জানানো হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন জেলা পুলিশ সুপার।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত এই সচেতনতামূলক কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইনের প্রয়োজনীয়তা ও তা প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার বলেন, সড়কে নিরাপদে চলাচলের জন্য জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে ব্যবহার করা উচিত। আইন অমান্য করলে জরিমানা বা লাইসেন্স বাতিলের মতো আইনি জটিলতার সৃষ্টি হয়, তাই নিজের ও অন্যের নিরাপত্তার স্বার্থে সর্বদা ট্রাফিক আইন মেনে চলতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে 'সততা স্টোর' নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মাদক, ধূমপান, বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধ এবং 'ব্যাড টাচ' সম্পর্কে সচেতনতা বাড়াতে অত্যন্ত কার্যকর দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালার শেষাংশে শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সঠিক উত্তরদাতা বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং জেলা ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১১৯ বার পড়া হয়েছে