মহিপুরে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পরিচালিত এই অভিযানে মাদক উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মহিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে খাপড়াভাঙ্গা সেতুর নিচে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে মো. জাহাঙ্গীর পাহলান (৫০) নামের এক ব্যক্তিকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে পুলিশ। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে শানু গাজী (৪৮) নামের অপর এক সহযোগী পালিয়ে যায়। আটক জাহাঙ্গীর মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামের বাসিন্দা।
একই দিন রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ‘নিউ সিকদার’ হোটেলের সামনে আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে ১০ পিস ইয়াবাসহ সঞ্জয় আচারী (৩৩) ও সরদার ফাহাদ আহমেদ হিমেল (৩০) নামের দুই যুবককে আটক করা হয়। আটককৃত এই দুই ব্যক্তির বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলার আচাভূয়া গ্রামে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
৩৪৬ বার পড়া হয়েছে