হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট সংখ্যা হাজার ছাড়াল
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯০২ জন। আর পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০০ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়া কোনো রোগীর মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৯ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ৬৯ জনের শরীরে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৮৪ জনে। এর মধ্যে হামের উপসর্গ রয়েছে এমন রোগীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫৮০ এবং নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৯০৪।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন।
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। শিশুদের মধ্যে এর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে আক্রান্ত শিশুর দ্রুত চিকিৎসা এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ।
১১৭ বার পড়া হয়েছে