খুলনায় ব্যাংকের টাকা আত্মসাৎ: ব্যবসায়ী ও ৬ ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনায় সোনালী ব্যাংকের প্রায় ৯৩ কোটি টাকা আত্মসাতের মামলায় এক ব্যবসায়ী ও ব্যাংকের ছয় কর্মকর্তাসহ সাতজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের বিপুল অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছে। বুধবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা ঘোষণার পাশাপাশি মোট ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাদের প্রত্যেককে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক মুহাঃ আদীব আলী। রায় ঘোষণার সময় অভিযুক্তদের মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত থাকলেও দুই আসামি পলাতক ছিলেন।
খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ইয়াসীন আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন মেসার্স ইস্টার্ন ট্রেডসের স্বত্বাধিকারী সনজিৎ কুমার দাস এবং সোনালী ব্যাংক দৌলতপুর কর্পোরেট শাখার সাবেক গোডাউন কিপার মো. মতিয়ার রহমান।
এছাড়া দণ্ডপ্রাপ্ত অপর ব্যাংক কর্মকর্তারা হলেন—সহকারী জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মন্ডল, সাবেক সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মো. রুহুল আমিন, সাবেক প্রিন্সিপ্যাল অফিসার মো. সিরাজুল ইসলাম এবং সাবেক অফিসার অজিত কুমার সরকার। এদের মধ্যে সনজিৎ কুমার দাস ও মানিক চন্দ্র মন্ডল বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে সোনালী ব্যাংক দৌলতপুর শাখা থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এই যুগান্তকারী রায় প্রদান করেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
১২০ বার পড়া হয়েছে