মেট্রোরেলের ৪৬ পিয়ারে ফাটল, ২৭ বেয়ারিং প্যাডে ত্রুটি: মন্ত্রী
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উত্তরা-মতিঝিল মেট্রোরেল রুটে ২৭টি বেয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল পাওয়া গেছে। জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানিয়েছেন।
বুধবার জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উঠে আসে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, মেট্রোরেল রুটের মোট ৭৩০টি বেয়ারিং প্যাডের মধ্যে ১৪৭টিতে মাইনর ত্রুটি শনাক্ত হয়েছে। আরও ২৯৭টি বেয়ারিং প্যাডে স্থাপন ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত ত্রুটি রয়েছে। এর বাইরে ২৭টি বেয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করেছে সেফটি অডিট কমিটি।
অডিট কমিটির প্রতিবেদনে মেট্রোরেলের ৪৬টি পিয়ারেও বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল শনাক্ত হওয়ার কথা বলা হয়েছে।
মন্ত্রী বলেন, সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বেয়ারিং প্যাডের স্থানচ্যুতির মতো ঝুঁকি তৈরি হতে পারে—এমন ১০টি ক্ষেত্রে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। পাশাপাশি ২৭টি বেয়ারিং প্যাডে সেটেলমেন্ট মার্কার বসানো হয়েছে।
ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত ২৭টি বেয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপনের কর্মসূচি নেওয়া হয়েছে বলেও সংসদে জানান তিনি।
এ ছাড়া ৪৬টি পিয়ারে শনাক্ত হওয়া ক্র্যাক বা ফাটলের ঝুঁকি মূল্যায়ন এবং মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। স্থাপনার স্ট্রাকচারাল ক্র্যাক পরিমাপ ও নিয়মিত পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ স্থাপন করা হচ্ছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, ঢাকা, বগুড়া ও চট্টগ্রাম শহরে ১৩টি রুটে ১৪টি মহিলা বাস বা পিংক বাস সার্ভিস চলছে।
দেশের বিভিন্ন এলাকায় মহিলা বাস সার্ভিস সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে আরও ১০০টি ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) আমদানির কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য সানজিদা ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস রয়েছে ১ হাজার ২৯৮টি। এর মধ্যে ১ হাজার ১৭২টি বাস সচল এবং ১২৬টি অচল।
এ ছাড়া বিআরটিসির মোট ট্রাক রয়েছে ৫২৫টি। এর মধ্যে ৪৯৪টি সচল এবং ৩১টি অচল অবস্থায় রয়েছে।
চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কর্ণফুলী টানেলকে ঘিরে আগে যেসব বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিত করা হয়েছিল, নানা কারণে সেগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়িত হয়নি।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর টানেলকে ঘিরে শিল্পায়ন ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। কর্ণফুলী টানেলকে শুধু যোগাযোগ অবকাঠামো হিসেবে নয়, দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, পর্যটন এবং আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
তিনি বলেন, কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে মোট ১০ হাজার ২৫৫ কোটি ২৯ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রকল্পটির নির্মাণ ও বাস্তবায়ন নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।
রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আবদুল রাবী সরদারের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী জানান, ট্রেনের ছাদে যাত্রী পরিবহন বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত ব্যবস্থা নয়।
বিভিন্ন উৎসব ও বিশেষ সময়ে কিছু যাত্রী জোর করে ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করেন। দুর্ঘটনার ঝুঁকি থাকায় ছাদে যাত্রী বহন বন্ধে কারিগরি দিক বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
রেলওয়ের প্রচলিত আইন অনুযায়ী ট্রেন দুর্ঘটনায় কোনো যাত্রী নিহত হলে তাঁর পরিবারের ক্ষতিপূরণ পাওয়ার বিধান রয়েছে বলেও তিনি জানান।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশাকে অযান্ত্রিক যান হিসেবে গণ্য করা হয়।
আইন অনুযায়ী জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সড়ক ও মহাসড়কে এসব যান চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১২১ বার পড়া হয়েছে