বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি দুলু
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকারদলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার জাতীয় সংসদে নতুন পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাস হওয়ার পর তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
মঙ্গলবার জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো অনুমোদিত হয়।
নতুন গঠিত পাঁচটি কমিটির মধ্যে রয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়া এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর-২ আসনের সংসদ সদস্য। তিনি ১৯৯৬, ২০০১ ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
ছাত্রজীবন থেকেই দুলু ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
২০০১ সালে বিএনপি সরকার গঠন করার পর মন্ত্রিসভায় উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বর্তমানে সরকারদলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পেলেন।
১১৮ বার পড়া হয়েছে