সর্বশেষ

জাতীয়

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে নতুন তথ্য নেই: ভারত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে এই মুহূর্তে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা জানান।
রণধীর জয়সোয়াল

আগামী শনি ও রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান চেয়ারপারসন হিসেবে সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের সরকারপ্রধানের অংশগ্রহণ এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, বিমসটেকের চেয়ারপারসন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই। সম্মেলনে কোন কোন দেশের সরকারপ্রধান অংশ নেবেন, সে বিষয়েও তিনি নির্দিষ্ট কোনো তথ্য দেননি।

গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। এরপর সম্ভাব্য সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছিল। তবে পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। ফলে সম্ভাব্য সফরের সময়সূচি চূড়ান্ত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও গণমাধ্যমকে ইঙ্গিত দিয়েছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম।

এদিকে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ব্রিফিংয়ে এই সাক্ষাতে আলোচনার বিষয় এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাওয়া হয়। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকটি ছিল সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে বাংলাদেশ ও ভারতের উন্নয়ন সহযোগিতা, যোগাযোগব্যবস্থা, দক্ষতা বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া ও সমৃদ্ধ করার বিষয়ে সামগ্রিক আলোচনা হয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন