বান্দরবানে সেনাজোনের উদ্যোগে যুবকদের কারিগরি প্রশিক্ষণ শুরু
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানে যুবসমাজকে স্বাবলম্বী ও দক্ষ করে গড়ে তুলতে এসি ও ফ্রিজ সার্ভিসিংয়ের ওপর মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণ শুরু হয়েছে। বান্দরবান সেনাজোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং স্থানীয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনায় এই কর্মসূচি আয়োজন করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মেঘলায় ‘যুব উন্নয়ন ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় এই বিশেষ প্রশিক্ষণ কোর্সের সূচনা করা হয়েছে। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কারিগরি প্রশিক্ষণটি আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে। এতে স্থানীয় যুবক ও যুবতীদের এসি ও ফ্রিজ মেরামত, রক্ষণাবেক্ষণ এবং সার্ভিসিংয়ের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা প্রদান করা হচ্ছে।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি সাবজোন কমান্ডার মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী।
উদ্বোধনী বক্তব্যে জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। স্বনির্ভর বাংলাদেশ গড়তে যুব সমাজকে অবশ্যই কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি তরুণদের এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার আহ্বান জানান।
পরে জোন কমান্ডার প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন বুথ ও ব্যবহারিক কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পার্বত্য অঞ্চলের অনগ্রসর যুবকদের স্বাবলম্বী করতে বান্দরবান সেনাজোন এ ধরনের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
১১২ বার পড়া হয়েছে