হরিরামপুরে মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের হরিরামপুরে মোবাইল ফোন কেড়ে নেওয়ায় মায়ের ওপর অভিমান করে জান্নাত আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রোববার সকালে উপজেলার বয়ড়া ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
নিহত জান্নাত আক্তার উপজেলার কর্মকারকান্দি বয়ড়া এলাকার প্রবাসী শেখ জাফর মিয়ার মেয়ে। সে স্থানীয় আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে স্মার্টফোন ব্যবহার করা নিয়ে জান্নাতের সঙ্গে তার মায়ের তর্কাতর্কি হয়। একপর্যায়ে মা ক্ষুব্ধ হয়ে মেয়ের কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেন এবং তা অপর ছোট সন্তানকে দিতে স্কুলে চলে যান। মায়ের এই আচরণে ক্ষুব্ধ ও অভিমানী হয়ে জান্নাত নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা জান্নাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে হরিরামপুর থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবম শ্রেণির মানবিক বিভাগের ওই শিক্ষার্থীর মৃত্যুর খবরটি অত্যন্ত দুঃখজনক।
হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
১২০ বার পড়া হয়েছে