সর্বশেষ

সারাদেশ

জামালপুরে স্কুলের যাতায়াতের রাস্তায় দেয়াল নির্মাণ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুর শহরের সরদারপাড়া এলাকায় স্কুলশিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলের রাস্তায় জোরপূর্বক ইটের দেয়াল নির্মাণ করে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক মো. শহিদুল হাসান ভূঁইয়া জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাঁর অভিযোগ, রেজিস্ট্রি করা রাস্তার জন্য নির্ধারিত তিন শতাংশ জমিতে তাঁরই শ্যালক রেজাউল করিম রব্বানী দেয়াল নির্মাণ করেছেন।

জামালপুর সদর থানায় করা সাধারণ ডায়েরির তথ্য অনুযায়ী, শহরের সরদারপাড়া এলাকার সিংহজানি মৌজায় রাস্তার জন্য রেজিস্ট্রি করা তিন শতাংশ জমি নিয়ে বিরোধের সূত্রপাত। অভিযোগকারী মো. শহিদুল হাসান ভূঁইয়ার দাবি, গত ২৭ আগস্ট বিকেলে রেজাউল করিম রব্বানী ও তাঁর পক্ষের লোকজন ওই জমিতে জোরপূর্বক ইটের দেয়াল নির্মাণ শুরু করেন। এতে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের চলাচলের পথ বন্ধ হয়ে যায়।

অভিযোগে বলা হয়েছে, সিংহজানি মৌজার সিএস ১৫৪৯, আরএস ১১৩৩ এবং বিআরএস খতিয়ানের ৫৩৬ ও ৩৪৯২ দাগের জমির একটি অংশ শহিদুল হাসান ভূঁইয়ার স্ত্রী মনোয়ারা বেগম পৈতৃক সূত্রে পেয়েছেন। পরে তিনি তাঁর ছেলে মাহির ভূঁইয়া ও সাকিফ ভূঁইয়ার নামে ২৮ শতাংশ জমি লিখে দেন। এর মধ্যে রাস্তার জন্য নির্ধারিত তিন শতাংশ জমি রয়েছে বলে দাবি করা হয়েছে।

শহিদুল হাসান ভূঁইয়ার অভিযোগ, দেয়াল নির্মাণের ফলে তাঁর পরিবারের পাশাপাশি আশপাশের কয়েকটি জমির মালিক ও ব্যবহারকারীরাও চলাচলের সমস্যায় পড়েছেন। এর মধ্যে মমতাজ জাহান মায়ার ২৯ দশমিক ৫০ শতাংশ, মশিউর রহমানের ৩৯ শতাংশ এবং খালেদা বেগমের ৩ দশমিক ৫০ শতাংশ জমিতে যাতায়াতের পথও বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ওই পথ দিয়ে সরদারপাড়ার নতুন কুঁড়ি স্কুলের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী চলাচল করে বলে স্থানীয়দের দাবি। দেয়াল নির্মাণের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

জিডিতে শহিদুল হাসান ভূঁইয়া আরও অভিযোগ করেন, দেয়াল নির্মাণে বাধা দিতে গেলে রেজাউল করিম রব্বানী তাঁকে গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

ঘটনার সময় স্থানীয় রুহুল আমিন তুষার ও আজিজুল ইসলাম এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। পরে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে এবং রাস্তা থেকে নির্মাণ করা দেয়াল অপসারণ করে চলাচল স্বাভাবিক করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন শহিদুল হাসান ভূঁইয়া।

এদিকে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে ভোগান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং রাস্তার জমির মালিকানা ও ব্যবহারসংক্রান্ত বিরোধ আইন অনুযায়ী নিষ্পত্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন ব্যক্তিরা।

তবে রেজাউল করিম রব্বানীর বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন