ফরিদপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তিন নবজাতক সন্তানের জন্ম দিয়েছেন ভাঙ্গা উপজেলার এক গৃহবধূ। শুক্রবার দিবাগত রাতে জন্ম নেওয়া এই তিন নবজাতক এবং তাদের মা বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রায়পাড়া ইউনিয়নের সদরদী গ্রামের বাসিন্দা সোহাগ মাতুব্বরের স্ত্রী প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর শুক্রবার দিবাগত রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একে একে তিনটি ফুটফুটে সন্তানের জন্ম দেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সফল অস্ত্রোপচারের পর মা ও তিন নবজাতকই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। চিকিৎসকদের মতে, মা ও শিশুরা বর্তমানে আশঙ্কামুক্ত এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতাল থেকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
এদিকে একসঙ্গে তিন সন্তানের জন্মের খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই হাসপাতাল ও প্রসূতির গ্রামের বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমতে শুরু করেছে। সোহাগ মাতুব্বরের পরিবারে এখন আনন্দের উৎসব চলছে। স্বজনরা মিষ্টি বিতরণ করে এই খুশি উদযাপন করছেন।
সদ্যজাত সন্তানদের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা এবং মায়ের দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছে পরিবারটি। নবজাতকদের বাবা সোহাগ মাতুব্বর জানান, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন এবং তাদের সুষ্ঠু লালন-পালনের জন্য দেশবাসীর কাছে আশীর্বাদ ও দোয়া প্রত্যাশা করছেন।
১২৫ বার পড়া হয়েছে