হাম ও ডেঙ্গুতে এক দিনে ৭ মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন চারজন। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪ জন এবং ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক নিয়মিত প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী হিসেবে ৯৬৪ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮০ জনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৪ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৬ জনে।
এই সময়ে সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে ১৯ হাজার ৫২৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
অন্যদিকে, ডেঙ্গু পরিস্থিতিও উদ্বেগজনক রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১১১ জন হয়েছে।
নতুন করে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। অপর দুজন চট্টগ্রাম ও খুলনা বিভাগের।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫২ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৩২ জন। এর মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর মধ্যে আগস্ট মাসে সর্বোচ্চ ৪৩ জন মারা গেছেন। এর আগে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরের প্রথম দুই দিনেই ডেঙ্গুতে ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১১৬ বার পড়া হয়েছে