সর্বশেষ

জাতীয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ এবং ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৩ জনে। অন্যদিকে, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যাও ১০২ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের পৃথক বুলেটিনে হাম ও ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতির এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সরকারি হিসাবে, এ সময় পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ১ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৪৪৭ জনের।

তবে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা সব রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। ফলে দেশে প্রকৃতপক্ষে কত মানুষ হাম আক্রান্ত হয়েছেন, তার পূর্ণাঙ্গ চিত্র পাওয়া কঠিন। এ কারণে সরকারি পরিসংখ্যানের ভিত্তিতেই পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৮৩ জনের মৃত্যু হলো। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৮৪ জন।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৩৯৮ জনের। এরপর সিলেট বিভাগে ১৫১ জন, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৫, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৬, খুলনায় ৩৪ এবং রংপুর বিভাগে ১৪ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৩৪ জন রোগী এসেছে। তাঁদের মধ্যে ৯৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩০৪, চট্টগ্রামে ২৬৩, বরিশালে ১০৩, সিলেটে ১২১, খুলনায় ৬৬, রাজশাহীতে ২৪, রংপুরে ১৭ এবং ময়মনসিংহে পাঁচজন ভর্তি হয়েছেন।

এ নিয়ে ১৫ মার্চ থেকে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

ডেঙ্গুতেও মৃত্যু ১০২ জনের
হামের পাশাপাশি দেশে ডেঙ্গুর পরিস্থিতিও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন মৃত্যুর মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং একজন করে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৭ হাজার ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে মারা গেছেন ১০২ জন।

ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, ৩৬ জনের। এরপর খুলনা বিভাগে ১৮, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩, ময়মনসিংহ বিভাগে ১০, বরিশালে ৯, চট্টগ্রামে ৭, রাজশাহীতে ৪ এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে বিভাগের অন্যান্য এলাকায় তিনজন মারা গেছেন। এ ছাড়া রংপুর ও সিলেট বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, ২৪৬ জন। এ ছাড়া ঢাকা জেলার দুই সিটি করপোরেশনের বাইরে ২৯৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪১, দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৮, চট্টগ্রামে ১৩৯, রাজশাহীতে ১১৪, বরিশালে ১২১, ময়মনসিংহে ৮৭, রংপুরে ৩৪ এবং সিলেটে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মাসভিত্তিক হিসাবে চলতি বছরে আগস্টে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে বেশি। ওই মাসে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং মারা গেছেন ৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। এই দীর্ঘ সময়ে ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে ভয়াবহ ছিল। সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল; আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রায় ১ লাখ ২ হাজার মানুষ।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন