জামালপুরে বিএডিসি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
স্কেল ভেটিং সংশোধন ও পদ অবনমন বাতিলের দাবিতে জামালপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে শহরের বন্দেরবাড়ি বিএডিসি বীজ উৎপাদন কেন্দ্রের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের বিএডিসির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাঁরা সদ্য ঘোষিত স্কেল ভেটিং সংশোধন করে আগের নিয়ম বহাল রাখার দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিএডিসি কন্ট্রাক্ট গ্রোয়ার্সের উপপরিচালক সঞ্জয় রায়, উপসহকারী পরিচালক মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মেহেদী আল বাকী ও সহকারী হিসাবরক্ষক হেবায়দুল্লাহসহ অন্যরা।
বক্তারা বলেন, অর্থ মন্ত্রণালয়ের সদ্য ঘোষিত স্কেল ভেটিংয়ের মাধ্যমে বিএডিসির বিভিন্ন পদের অবনমন করা হয়েছে। একই সঙ্গে নিম্নস্তরের কয়েকটি পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
তাঁদের দাবি, স্কেল ভেটিংয়ের মাধ্যমে পদের অবনমন ও পদ বিলুপ্তির সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব সিদ্ধান্ত সংশোধন করে আগের নিয়মে চাকরির সুযোগ বহাল রাখতে হবে।
বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।
১২৫ বার পড়া হয়েছে