আগামীতে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানি পণ্য: কৃষিমন্ত্রী
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামী দিনে বাংলাদেশের কৃষিপণ্যই দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। কুমিল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী। সেখানে তিনি বলেন, কৃষির উন্নয়নই দেশের প্রকৃত অগ্রগতির চাবিকাঠি। কৃষকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার সর্বাত্মক কাজ করতে মানসিকভাবে প্রস্তুত রয়েছে।
মন্ত্রী তাঁর বক্তব্যে দেশের কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, কৃষিপণ্যকে আগামী দিনে দেশের প্রধান রপ্তানি খাতে পরিণত করাই সরকারের মূল লক্ষ্য এবং এই প্রতিজ্ঞা বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, তিনি দেশের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর সততা ও আদর্শকে বুকে ধারণ করে দলের প্রতিটি নেতাকর্মীকে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
১১৮ বার পড়া হয়েছে